ইত্তেফাক রিপোর্ট
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল ইসলাম খান রাসেল। তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে। তিনি পুলিশকে বলেছেন, সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে এসেছেন। গতকাল শুক্রবার বিকাল পৌনে ৪টায় ঐ ব্যক্তি উদ্যানে ঢোকার সময় তল্লাশিতে পিস্তলসহ ধরা পড়েন বলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান। এর আধা ঘণ্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসির গেট দিয়ে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে। তিনি পেশায় ব্যবসায়ী। অস্ত্রের একটি লাইসেন্সের ফটোকপি দেখিয়েছেন তিনি। আমরা যাচাই-বাছাই করছি। আটক ব্যক্তি আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন বলে জানিয়েছেন।