অসিত দের কণ্ঠে ও রাজরূপার সরোদবাদনে মুখরিত শুদ্ধ সংগীত উত্সব

ইত্তেফাক রিপোর্ট

ছায়ানটের শুদ্ধ সংগীত উত্সবের দ্বিতীয় দিন ছিল ওস্তাদ ও প্রতিভাবান নবীন শিল্পীদের পরিবেশনা। উচ্চাঙ্গ সংগীত হচ্ছে সংগীতের প্রাণ। উচ্চাঙ্গ সংগীতের ভিত্তি মজবুত না হলে কোনো শিল্পীই প্রকৃত শিল্পী হয়ে উঠতে পারেন না। শুদ্ধ সংগীত উত্সবের দ্বিতীয় দিনে শিল্পীদের পরিবেশনায় সারা রাত ধরে শ্রোতারা আপ্লুত হলেন সুরের ধারায়। উচ্চাঙ্গ সংগীতের এ সময়ের প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণ থাকায় উত্সবে আগ্রহী শ্রোতার কমতি ছিল না। তাদের কণ্ঠের মাধুর্যে সংগীতের সুধায় অবগাহন করলেন দর্শক-শ্রোতা।

গতকাল সন্ধ্যায় উত্সবের শুরু হয় অসিত দের পরিচালনায় ছায়ানটের শিল্পীদের বৃন্দ রাগসংগীত পরিবেশনা দিয়ে। সমবেত কণ্ঠে তারা পরিবেশন করেন রাগড় অষ্টপ্রহর। এর পর ছিল তবলায় বৃন্দ পরিবেশনা। রাগ মুলতানি শোনান পরাগ প্রতীম চক্রবর্তী। দেশের জনপ্রিয় সরোদশিল্পী রাজরূপা চৌধুরীর সরোদবাদন শ্রোতাদের মুগ্ধ করে। কণ্ঠসংগীতে সুপ্তিকা মণ্ডল শোনান রাগ মধুবন্তী। পুরিয়া ধানেশ্রী রাগ গেয়ে শোনান মিনহাজুল হাসান ইমন। এবাদুল হক সৈকতের তবলাবাদন শেষে আসেন শিল্পী খায়রুল আনাম শাকিল। পরে শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি পরিবেশন করেন রাগ পুরিয়া কল্যাণ। শ্রাবন্তী ধর শোনান রাগ কেদার। মো. আলাউদ্দিন মিয়া নিয়ে আসেন রাগ যোগ। টিংকু শীল ও অভিজিত্ কুণ্ডুর রাগ ঝিঁঝিট মুগ্ধ করে শ্রোতাদের। এর পর ছিল শেখর মণ্ডল, রেজোয়ান আলীর পরিবেশনা। মধ্য রাতে সবশেষ পরিবেশনা নিয়ে আসেন শিল্পী অসিত দে। তার পরিবেশনা দিয়ে শেষ হয় দুই দিনের উত্সব।