অবশেষে কমতে শুরু করেছে সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সবজিভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমার তালিকায় রয়েছে পেঁয়াজও। গত কয়েক মাস ধরে নিত্যপ্রণ্যের বাজারের এই আলোচিত পণ্যটির দাম এখন নিম্নমুখী।
ব্যবসায়ীরা বলেছেন, বাজারে এখন নতুন দেশি পেঁয়াজ উঠেছে। ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। এছাড়া আন্তজার্তিক বাজারেও এখন পেঁয়াজের দাম নিম্নমুখী। বিশেষ করে ভারতে পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ রুপিতে নেমে এসেছে। খুব শিগগির দাম আরো কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই অবস্থা সবজির ক্ষেত্রেও। সরবরাহ বাড়ায় সবজির দামও কমছে।
গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে নতুন আলু ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, টম্যাটো ৬০ থেকে ৭০ টাকা, শিম ৩৫ থেকে ৪০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ৫০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি আকারভেদে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে নতুন দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির। সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল বাজারে নতুন দেশি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, পাতাসহ নতুন পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা, কেজি দরে বিক্রি হয়।
দাম বেড়েছে ভোজ্যতেলের। সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিনে ৩ টাকা বেড়ে ৮৬ থেকে ৯০ টাকা ও পামঅয়েলে ২ টাকা বেড়ে ৭৬ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) ভোজ্যতেলের দাম বাড়ার তথ্য তাদের দৈনন্দিন বাজারদরের প্রতিবেদনে তুলে ধরেছে। সরকারের এই সংস্থাটির হিসেবে গত এক মাসের ব্যবধানে প্রতি লিটার খোলা পামঅয়েলে ৫ থেকে ৭ টাকা, সুপার পামঅয়েলে ৪ থেকে ৯ টাকা, খোলা সয়াবিনে ৩ থেকে ৪ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ১৫ টাকা বেড়েছে।
গতকাল বাজারে বিভিন্ন ধরনের মাছের মধ্যে এক কেজি ওজনের ইলিশ ৯০০ থেকে ১ হাজার, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা, পাঙাশ ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, রুই, কাতলা ২২০ থেকে ৩৫০ টাকা, শিং ৪০০ থেকে ৭৫০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৯০০ টাকা, কোরাল ৪৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া মাংসের মধ্যে প্রতি কেজি গরু ৫৫০ থেকে ৫৮০ টাকা, খাসি ৮০০ টাকা, ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৪০ টাকা, কক মুরগি ২২০ থেকে ২৩০ টাকা ও লেয়ার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।