সড়কটি জুড়ে
শাকসবজি থেকে শুরু করে হাঁস, মুরগিসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে এটি ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ
বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আবারও শহরের দিগু বাবু বাজার সংলগ্ন মীর জুমলা সড়ক ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পুরো সড়কটি জুড়ে বিক্রেতারা কাঁচাবাজারের শাক সবজি থেকে শুরু করে হাঁস, মুরগীসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে সড়কটি ময়লার ভাগাড়ে পরিণত করা হচ্ছে। যেন দেখার কেউ নেই। কয়েকদফা পুলিশের অভিযানের পর মীর জুমলা সড়কটি দখলমুক্ত করা হয়। বেশ কয়েক মাস এই সড়কটি দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে মানুষ। তবে দেখভালের অভাবে আবারও দখল হয়ে গেছে সড়কটিতে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মীর জুমলা সড়ক দখল করে বেশিরভাগ অংশেই অস্থায়ী কাঁচাবাজারের দোকান বসানো হয়েছে। কাঁচাবাজারের ময়লা আবর্জনা ফেলা হয়েছে সড়কের ওপরই। ময়লা আবর্জনার দরুণ এই সড়ক দিয়ে মানুষের হাঁটাই দায় হয়ে পড়েছে। এছাড়া ময়লার ভাগাড় আর অস্থায়ী দোকানপাটে দখল হয়ে যাওয়ায় কোনো গাড়িই ঢুকতে পারছে না। সরেজমিন এই প্রতিবেদক ছবি তুলতে গেলে রাস্তা দখল করা ব্যবসায়ীরা বাধা দেয় এবং ক্যামেরা থেকে ছবি তুলতে চাপ প্রয়োগ করেন এবং দুর্ব্যবহার করে। তারা বলে, ছবি তুইলা নিউজ কইরা কোনো লাভ নাই।
পথচারীরা জানান, আগের এসপি সড়কটিতে উচ্ছেদ অভিযান চালানোর পর বেশ কিছু দিন সড়কটিতে কেউ বসতে পারে নাই। তিনি চলে যাবার পর সেই আবার একই অবস্থা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন তার মতো দায়িত্ব নিয়ে কেউ কাজ করছে না বলেই এই অবস্থা। আরেকজন জানান, মীর জুমলা সড়কটি দিয়ে নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ হাইস্কুল, টিঅ্যান্ডটি অফিস, লঞ্চ ও বাস টার্মিনালে যাতায়াতে সুবিধা। মানুষ সড়কটি ফাঁকা পেলেই এই পথটি দ্রুত যাতায়াতের জন্য বেছে নেয়। তবে এই সড়কটি পুরো বছরই দখল হয়ে থাকে। যার দরুণ মানুষের অনেক কষ্ট হয়।