গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ভানুয়া শিশু পরিবার কেন্দ্রের এতিম ও অনাথ শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ইসরাত জিনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকি জানান, ভানুয়া শিশু পরিবার কেন্দ্রের ৮৭ জন এতিম ও অনাথ শিশু এবং সেখানকার কর্মচারীদের মধ্যে ১০০টি শীতবন্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি এসব এতিম ও অনাথ শিশু শিক্ষার্থীদের জন্য সোলার লাইট, কম্পিউটার, টেবিল ও খেলাধুলার সামগ্রী প্রদানের আশ্বাস দেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোরুল করিম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকি, গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসতিয়াক হোসেন উজ্জল, সমাজ সহকারী পরিচালক এটি এম তৌহিদুজ্জামান, ভানুয়া শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ইমনা চৌধুরী প্রমুখ।