আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সায়মা আফরোজ ইভার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম আহমেদ জানান, মামলায় ১১ ব্যক্তির নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া ২১টি ফেসবুক আইডির নামোল্লেখ করা হয়। আড়াইহাজার উপজেলা সদরের মৃত বিল্লাল হোসেনের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। এ ঘটনায় কালাপাহাড়িয়া এলাকার রোকনউদ্দিনের ছেলে এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।