নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে এখন জনমত জরিপ চান মমতা

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যখন উত্তাল ভারত, তখনই কেন্দ্রীয় সরকারকে এক নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিতর্কিত আইন ও এনআরসি নিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবারই এক্ষেত্রে জাতিসংঘের নজরদারিতে গণভোটের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু এর পরেই মমতাকে আক্রমণ করে বিজেপি। কীভাবে তিনি এমন একটি প্রস্তাব দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলে মমতাকে ক্ষমা চাইতে বলে দলটি। আর তার পরেই গণভোটের প্রস্তাব থেকে ইউটার্ন করেছেন মমতা। তিনি বলেছেন, এক্ষেত্রে মতামতভিত্তিক ভোট নেওয়া যেতে পারে।

গতকাল মমতা বলেন, ‘আমি গণভোট বলিনি। আমি গণনা ভোটের কথা বলেছি। আমি বলতে চেয়েছি যে, মানবাধিকার কমিশনের মতো বিশেষজ্ঞদের পরিচালনায় একটি জনমত জরিপ চালানো হোক। এই দেশ ও জনগণের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে একটি জনমত সমীক্ষা চাই।’

আগামী ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ঐ দিনকে নাগরিক দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন মমতা। পাশাপাশি জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গে আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি।