বাগধারার প্রচলিত ও রম্যরূপ

/ খালিদ ফেরদৌস

 

v বাগধারা :প্রচলিত শব্দ বা শব্দগুচ্ছের দ্বারা বিশেষ কোনো অর্থ বোঝানো। আর কুকুরকে বাঘ মনে করে ধরাকে বাঘধরা বলে।

হরিণধরা :প্রেমবাজ, যেসব পুরুষ/মহিলা খুব সহজে কাউকে পটিয়ে প্রেম-ভালোবাসার সরবরে ডুব দিতে পারে। ফেসবুক-মেসেঞ্জার হরিণধরার ভালো মাঠ।

v ভাদাইম্মা :যে কাজ না করে এমনি এমনি ঘুরে বেড়ায়। এরা মেধাবী না স্বল্প বুদ্ধির হয়।

বাদাইম্মা :সৌখিন প্রকৃতির, যে বাদাম খেতে খেয়ে কাজ বা প্রেম করতে পছন্দ করে।

v বোহেমিয়ান :এলোমেলো, ছন্নছাড়া প্রকৃতির লোক। তবে এরা মেধাবী হয়।

বৈমানিকিয়ান :যে ব্যক্তি অকাজ বা উল্টাপাল্টা কাজ বিমানের গতিতে করে ফেলতে পারে।

v ধামাধরা :তোষামোদে, মোসাহেব, চাটুকারিতা। এই ধরনের ব্যক্তিরা তেলবাজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করে।

কুলাধরা :নির্লজ্জ স্বার্থান্বেষী ব্যক্তি, যারা অন্যের কাছে সাহায্য প্রত্যাশা করে।

v ননীর পুতুল :আলস্য, কর্মবিমুখ, আদরের সন্তান যারা পরিশ্রম না করেই সুযোগ-সুবিধা ভোগ করে।

নানির পুতুল :নাতি-নাতনি। যাদের সকল অপরাধ নানা-নানির কাছে ক্ষমাযোগ্য।

v আলালের ঘরের দুলাল :ধনী বা বড়লোকের সন্তান, অতি আদুরে যারা চাইতেই সবকিছু পেয়ে যায়।

করিমের ঘরের করিমা :নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তান, যার কপালে আদর খুব কম জুটে। যারা চাইতেই কোনো কিছু পায় না।

v আমড়া কাঠের ঢেঁকি :অপদার্থ, অকর্মণ্য। যারা কাজ করতে গিয়ে অকাজ করে ফেলে।

বাবলা কাঠের ঢেঁকি :পদার্থ, কর্মঠ ব্যক্তি যাদের দিয়ে বস্তুত ও কার্যত ভালো কিছু হয়।

v আটকপালে :হতভাগা যার ভাগ্যের চাকা ঘুরেও ঘুরে না।

দশকপালে :অত্যন্ত ভালো ভাগ্য যার। এমন ব্যক্তির ভাগ্যের চাকা সুপারসনিক বিমানের মতো দ্রুত ঘুরে।

v অপদার্থ :যাকে দিয়ে কিচ্ছু হয় না, একেবারে আমড়া কাঠের ঢেঁকি।

পদার্থ :যাকে দিয়ে বস্তুত ও কার্যত কিছু হয় সে পদার্থ। অর্থাত্ বাবলা কাঠের ঢেঁকি।

v ভুষণ্ডির কাক :দীর্ঘজীবী ব্যক্তি, বিষয়বুদ্ধি-কুশল ব্যক্তি। এমন ব্যক্তি প্রয়োজনে ও পরিস্থিতি বুঝে নিজের কর্মকাণ্ড সম্পাদন করতে পারে।

ইডিয়ট কাক :অল্পতেই মারা যায় ও পরকীয়াপ্রিয়। এরা সাধারণত কাকের কোকিলের বাসায় ডিম পাড়ার মতো অন্যের বাসায় বাচ্চা পাড়ে। যে মরার আগে অনেকবার মরে।

v ইঁদুর কপালে :নিতান্তই মন্দ ভাগ্য যাদের। এরা কোনো কিছু করতে গেলেই ব্যর্থ হয়। এরা যখন ফকির হয় তখন দেশে লাগে দুর্ভিক্ষ।

সিংহ কপালে :বিরাট ভাগ্য, না চাইতেই যার সব মনোবাসনা পূরণ হয়ে যায়। এরা যখন ভিক্ষা করতে নামে তখন দেশে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকায় রমরম করে।

v তীর্থের কাক :সাগ্রহে প্রতীক্ষাকারী। এমন প্রতীক্ষাকাতর ব্যক্তি অনেক প্রতীক্ষার পরও তেমন কিছুই পায় না।

রাজমিছিলের কাক :প্রতীক্ষায় যার অনাগ্রহ। এমন ব্যক্তি হাইব্রিড রাজনীতি করে কম সময়ে বড়োলোক বনে যায় যে।

প্রভাষক, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ