/ কাজী মারুফ
হাবু গেল শ্বশুরবাড়ি
সঙ্গে নিয়ে রসের হাঁড়ি
আরো নিল দই
বউয়ের জন্য কিনে নিলো
ভুট্টা ভাজা খই।
একটু পরে খাবার নিয়ে
শালি এলো তার
মুরগি ভুনা মাছের মাথা
খেতে দিল আর
হাবু বলে দাও না আরো
লাগছে চমত্কার।
এই জীবনে পাইনি খেয়ে
এত্ত বেশি স্বাদ
তোমার রান্না সবার সেরা
অন্য সবাই বাদ।
বউ শুনে কয় হারামজাদা
ভালো হয় না আমার রাঁধা?
বাড়াসনে আর রাগ
এই মুহূর্তে এখান থেকে
জলদি করে ভাগ।
এটা নিয়ে তাদের মাঝে
বাঁধে হুলুস্থুল
হাবু তখন বুঝতে পেরে
স্বীকার করে ভুল।
হাত রেখে কয় বউয়ের হাতে
এই দুনিয়ায় তোমার সাথে
হয় কি কারো তুল?
মুখ বেঁকিয়ে নাক ঘুচিয়ে
আহ্লাদে বউ কয়
এমনধারা ভুল কোনোদিন
আর যেন না হয়।