জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রকাশ

জবি সংবাদদাতা

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ ও শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কে এম মুত্তাকী ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, শিক্ষার্থীদের মতামত নিয়ে গঠনতন্ত্রটি বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

প্রাথমিক প্রতিক্রিয়ায় খসড়া গঠনতন্ত্রটি প্রণয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে গঠনতন্ত্রটি আরো ভালোভাবে বিশ্লেষণ ও সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। গতকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আওয়ামীপন্থি শিক্ষকদের

নতুন দল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জয় বাংলা শিক্ষক সমাজ’ নামে আওয়ামীপন্থি শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই সংগঠনের ঘোষণা দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। শিক্ষকদের নতুন এই জোটে অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন মিয়াকে সদস্যসচিব করা হয়েছে। গত ১০ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছে হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে জবিতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে জয় বাংলা শিক্ষক সমাজ।