ডা. তানজিয়া নাহার তিনা
যেকোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে হঠাত্ পেটে ব্যথায়। এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে।
অ্যাসিডিটি : বেশিরভাগ সময়ই অ্যাসিডিটির কারণে পেটে ব্যথা হতে দেখা যায়। ব্যথা সাধারণত পেটের উপরিভাগে মাঝখান দিয়ে শুরু হতে দেখা যায়। ব্যথার সাথে জ্বালাপোড়া ভাবও থাকতে পারে।
পিত্তথলিতে পাথর :পিত্তথলিতে সংক্রমণ বা পাথর থাকলে পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা শুরু হতে পারে। তৈলাক্ত খাবার গ্রহণের পর ব্যথার তীব্রতা বেড়ে যেতে পারে। এছাড়া বমি বমি ভাব, খাবারে অরুচি, জ্বর ইত্যাদি লক্ষণগুলোও থাকতে পারে। অ্যাপেন্ডিসাইটিস : অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত নাভির চারপাশ থেকে শুরু হয় এবং পরে তলপেটের দিকে ছড়িয়ে পড়ে। ব্যথা সাধারণত চিনচিনে হয়ে থাকে তবে তীব্র অনুভূত হতে পারে। কিডনিতে পাথর : কিডনি, ইউরেটার কিংবা মূত্রথলিতে পাথর হলে কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে পেটের ওপরি অংশে ব্যথা শুরু হয়ে তলপেটের দিকে যেতে পারে। ব্যথার সাথে জ্বর কিংবা বমিভাব থাকতে পারে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে জরায়ু এবং ডিম্বাশয়ে কোনো সমস্যা থাকলে পেটে ব্যথা হতে পারে। কোষ্ঠকাঠিন্য, বদহজম ইত্যাদিও পেটে ব্যথার কারণগুলোর মধ্যে অন্যতম। বেশিরভাগ সময়ই সাধারণ কারণে পেটে ব্যথা হয়ে থাকে। তবে অবহেলা না করে চিকিত্সকের সরণাপন্ন হওয়া প্রয়োজন।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ