সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ইত্তেফাক ডেস্ক
গত শুক্রবার রাতে বরিশালে বাস চাপা পড়ে এক অটোরিকশা চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে বাস চাপা পড়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় নাগরিক মারা গেছেন।
বরিশাল অফিস জানায়, শুক্রবার রাত ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রতমতপুরের কামিনি ফিলিং স্টেশন এলাকায় বাস চাপা পড়ে একটি অটোরিকশার চালকসহ ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এলাকার হায়দার আলী খলিফার ছেলে অটোরিকশা চালক সিদ্দিকুর রহমান (৫৫) এবং যাত্রী একই এলাকার রামপট্টি এলাকার মৃত আব্দুর রবের ছেলে পত্রিকা বিক্রেতা লোকমান হোসেন (৩৭)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মাইনুদ্দিন জানান, বরিশালগামী বিআরটিসি’র একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী লোকমান নিহত হন। স্থানীয়রা অটোরিকশার চালক সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে পাঠালে জরুরী বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষনা করেন।
নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, বাসটি সনাক্ত করে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে বাস চাপা পড়ে আসাদুজ্জামান বাবুল (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আসাদুজ্জামান বাবুল সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পিয়ন পদে কর্মরত ছিলেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি (অপারেশন) গোলাম মুর্তোজা জানান, বাসটি আটক করা হয়েছে।
দর্শনায় ট্রাকটর চাপায় ভারতীয়ের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে ট্রাকটর চাপা পড়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, ঐদিন রাতে কেরু চিনিকলের একটি আখ ভর্তি ট্রাকটর দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড় পার হচ্ছিল। এ সময় ভারতের উত্তর ২৪ পরগোনা জেলার গোলা থানার যুগ বাড়িয়া গ্রামের বাসিন্দা অমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (বয়স ৪২, পাসপোর্ট নং জেড-৫২৪২৯০৬ যাত্রী) আবাসিক হোটেল থেকে নেমে রাস্তা পার হতে গেলে ট্রাকটরের ধাক্কায় পড়ে যান এবং যানটির পেছনের চাকায় পিস্ট হন। রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হলে শনিবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে।