বিআইপির আলোচনা সভায় বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
দেশে পরিকল্পনা বাস্তবায়নে এখনো সুষ্ঠু প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেনি। যার কারণে বাংলাদেশে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে। এতে ধীরে ধীরে দেশের বিভিন্ন শহর ও এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশে নগর ও অঞ্চল পরিকল্পনা আইন প্রণয়ন হলে এখনো তার চূড়ান্ত অনুমোদন মেলেনি।
একই সঙ্গে ঐ আইনে নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে। এভাবে চলতে থাকলে মধ্যম আয়ের দেশ এবং উন্নত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এজন্য পরিকল্পিত দেশ গড়ে তুলতে হলে সরকারকে পরিকল্পনামাফিক কার্যক্রম পরিচালনার পথ বেছে নিতে হবে। আলোচনা সভায় বিআইপির সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, আমাদের দেশে অনেক আইন আছে, বিধিমালা আছে কিন্তু সেগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নেই। এ কারণেই আমরা সুপরিকল্পিতভাবে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারছি না এবং শহরগুলোকে পরিবেশবান্ধব ভাবে গড়ে তুলতে পারছি না। অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে শিক্ষা গ্রহণ করতে পারি।
বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিআইপির সাবেক সভাপতি অধ্যাপক ড. এ কে এম আবদুল কালাম, অস্ট্রেলিয়ার সিডনিতে কর্মরত পরিকল্পনাবিদ মশিউর রহমান, অস্ট্রেলিয়ার মেলবোর্নে কর্মরত পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ এজাজ প্রমুখ।