চাটমোহর (পাবনা) সংবাদদাতা
এবারের শীতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পালটে দিয়েছে পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের ফসলের মাঠ প্রান্তর। চলনবিলের বিস্তীর্ণ এলাকায় শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। আর এই ফুল থেকে চলছে মৌ খামারিদের মধু সংগ্রহ। চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরিষা রবি মৌসুমের ফসল। চলতি মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ৬৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। চলনবিলে ২৫ হাজারের বেশি হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকায় সরিষার আবাদ হয়েছে। সরিষা খেতে স্থাপন করা হয়েছে মৌমাছির বাকশ। সংগ্রহ করা হচ্ছে মধু। হান্ডিয়ালের কৃষক আ. খালেক বলেন, বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সরিষার বীজ বুনেন। কম সময়ে এ ফসল ঘরে তোলা যায়। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান রশীদ হোসাইনী বলেন, এ বছর সরিষার ফলন নিয়ে আমরা আশাবাদী। দেশি ও হাইব্রিড মিলে বারি-৯, ১১, ১৪, ১৫, টরি-১, বিনা-৪, রাই-৫ ও স্থানীয় জাতের সরিষার আবাদ হয়েছে এ অঞ্চলে। প্রতি বিঘা সরিষার ফলন হবে পাঁচ থেকে সাত মণ।
চাটমোহর (পাবনা) : ফুলে-ফুলে ছেয়ে গেছে চলনবিলের সরিষা খেত —ইত্তেফাক