নরসিংদী প্রতিনিধি ও রায়পুরা সংবাদদাতা
নরসিংদীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রীতিরঞ্জন সাহাকে (৭৩) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ঢাকার আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে রাতে দেড়টায় আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে চলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিত্সক তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান জানান, ভিকটিমের মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।