কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলা সীমানায় অবস্থিত ঐতিহ্যবাহী কুষ্ঠ চিকিত্সা কেন্দ্র ‘চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান কুষ্ঠ হাসপাতালটি’ আর্থিক অনটনের কারণে বর্তমানে বন্ধ হবার উপক্রম হয়েছে। এই অবস্থায় গতকাল শনিবার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান কুষ্ঠ হাসপাতাল মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের ডা. বিলিয়াম মারমা, প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির। কুষ্ঠ হাসপাতাল বাঁচাও দাবিতে কুষ্ঠ রোগীদের মাঝে বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন ও শেফালী বেগম। সাংবাদিক সম্মেলনে ডা. প্রবির খিয়াং বলেন, প্রতিষ্ঠার পর থেকে কুষ্ঠ হাসপাতালের জন্য বৈদেশিক সাহায্য পাওয়া যেত। ঐ সাহায্য দিয়েই বিনামূল্যে কুষ্ঠ চিকিত্সা প্রদান করা হতো। কিন্তু ১৯৯০ সাল থেকে কুষ্ঠ চিকিত্সায় অর্থ পাওয়া বন্ধ রয়েছে। গত প্রায় ৩০ বছর চিকিত্সা ক্ষেত্রে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বর্তমানে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল থেকে কোনো রকমে অর্থ সহযোগিতা নিয়ে কুষ্ঠ হাসপাতাল পরিচালিত হচ্ছে। চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালটি যাতে চিকিত্সাসেবা অব্যাহত রাখতে পারে সে জন্য ডা. প্রবির খিয়াং সরকারের বিভিন্ন সংস্থাসহ বেসরকারি সংস্থা এবং স্থানীয় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির বলেন, কোনো অবস্থাতেই কুষ্ঠ হাসপাতালটি বন্ধ করা যাবে না। এজন্য তিনি রাঙ্গুনিয়া এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিক, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।