যশোরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার সাক্ষী যুবলীগ নেতা খুন

যশোরে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যা মামলার সাক্ষী যুবলীগ নেতা আব্দুর রহমান (৪৬) সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। শনিবার সকালে শহরের পূর্ব বারান্দি মোল্যাপাড়া আমতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ঐ এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।

আব্দুর রহমান শহর যুবলীগের বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালের ২৯ অক্টোবর যশোর এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর পুরাতন টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। জমি নিয়ে বিরোধ ও ঐ হত্যাকাণ্ডের সাক্ষী হওয়ায় তিনি হুমকির মুখে ছিলেন। নজরুল হত্যাকাণ্ডে জড়িতরা তাকে খুন করেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আব্দুর রহমান পূর্ব বারান্দি মোল্যাপাড়া আমতলা এলাকার রহিমের মুদি দোকানের সামনে গেলে মেটে কুদ্দুস, ফারুক, আকরাম, বাদল, নূরে আলম ও শাহ আলম দা ও শাবল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিত্সক আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজাহার হোসেন স্বপন জানিয়েছেন, নিহত আব্দুর রহমান শহর যুবলীগের বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আব্দুর রহমান যশোর এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর পুরাতন টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। ২০১৩ সালের ২৯ অক্টোবর যশোরে শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটন বাহিনীর সদস্যরা বোমা হামলা ও গুলিবর্ষণ করে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে হত্যা করে। এই হত্যা মামলার সাক্ষী হওয়ায় রহমান সন্ত্রাসীদের হুমকির মুখে ছিলেন। এছাড়া একই এলাকার মেটে কুদ্দুসের সঙ্গে আব্দুর রহমান জমি নিয়ে বিরোধ ছিল। মেটে কুদ্দুসও ঐ সন্ত্রাসী চক্রের সদস্য। এই বিরোধের জের ধরে সন্ত্রাসীরা প্রায়ই রহমানকে হুমকি দিত।