বাতিল হলো ‘সহ-সম্পাদক’ পদ

আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেল মত্স্যজীবী লীগ

আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেয়েছে ‘আওয়ামী মত্স্যজীবী লীগ’। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্রে এ সংক্রান্ত ২৫ নম্বর ধারায় সংশোধনী প্রস্তাব পাস হয়েছে। সেখানে মত্স্যজীবী লীগ সহযোগী সংগঠনের মর্যাদা পেল।

এত দিন আওয়ামী লীগের সঙ্গে মত্স্যজীবী লীগের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের অনুমোদনে প্রথমবারের মতো সম্মেলন করে সংগঠনটি কমিটি তৈরি করে। এ নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সংখ্যা আট-এ দাঁড়ালো। অন্য সহযোগী সংগঠনগুলো হল যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, কৃষক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে নিজস্ব গঠনতন্ত্র অনুয়ায়ী চলবে।

এদিকে অধিবেশনে আওয়ামী আইনজীবী পরিষদের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের পদ বিলুপ্ত করে কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছে। প্রত্যেক উপকমিটিতে পাঁচজন সদস্য থাকবেন। আর দলের উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে।