নাগরিকত্ব সংশোধনী আইন

ভারত জুড়ে বিক্ষোভ অব্যাহত উত্তর প্রদেশেই তিন দিনে নিহত ১৫

ভারতে নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকালও দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ৭২ ঘণ্টায় শুধু উত্তর প্রদেশেই ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার কর্নাটকের ম্যাঙ্গালুরুতে দুই জন নিহত হন। এছাড়া আসামে নিহত হন পাঁচ বিক্ষোভকারী। সব মিলিয়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা ২০ ছাড়িয়ে গেছে। ২৬০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর:এনডিটি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গতকাল শনিবারও মিছিল-বিক্ষোভ-সংঘর্ষের জেরে অশান্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। রামপুর শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই নিয়ে রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে। বলা হচ্ছে, বিক্ষোভের সময় পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়।