প্রিন্স ফিলিপ সুস্থ আছেন বড়োদিনের আগেই হাসপাতাল ছাড়বেন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ সুস্থ আছেন। বড়দিনের আগেই তিনি হাসপাতাল ছাড়বেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিছু কিছু গণমাধ্যমে তার শারিরীক অবস্থা বেশ খারাপ বলে উল্লেখ করা হলেও হাসপাতালটির একজন মুখপাত্র ওই খবর সঠিক নয বলে জানিয়েছেন। ব্রিটেনের কয়েকটি গণমাধ্যমে বলা হয়, জরুরিভাবে হেলিকপ্টারে করে ডিউক অব এডিনবরা ফিলিপকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিত্সকরা জানিয়েছেন, তিনি হাসপাতাল পর্যন্ত যেভাবে আসুন না কেন, হেঁটেই ভেতরে প্রবেশ করেন। তাকে তেমন দুর্বল মনে হয়নি।

ব্রিটেনের দ্য টেলিগ্রাফ জানায়, ৯৮ বছর বয়সী ফিলিপ বার্ধক্যজনিত নানা শারিরীক জটিলতায় ভুগছেন। একারণে নিয়মিতভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে নেয়া হয়। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকেও বলা হয়েছে, ‘পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবেই প্রিন্স ফিলিপকে কিং অ্যাডওয়ার্ড হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রাজপরিবারের চিকিত্সকের পরামর্শ অনুসারে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।