উখিয়া সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি দুই রোহিঙ্গা নিহত

উখিয়া সীমান্তে টহলরত বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতরা হচ্ছে বালুখালী ক্যাম্পের দুই রোহিঙ্গা মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহাজান (৩৬)। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশ নিহত দুই ইয়াবা কারবারিকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক এদের মৃত ঘোষণা করেন। পরে তাদেরকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ সাংবাদিকদের জানান, একদল রোহিঙ্গা ইয়াবা কারবারি ইয়াবার চালান নিয়ে সীমান্তের নাফ নদী পার হয়ে নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবিও পালটা গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি মারা যায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাতানামা দুই জন ইয়াবা কারবারির লাশ উদ্ধার করা হয়েছে।