গতকাল শনিবার দুপুরে সেলিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা গ্রামে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহত সেলিনা আক্তার (২৫) ঐ গ্রামের মেহেদীর স্ত্রী। ঘটনার পর থেকে ঐ গৃহবধূর স্বামী পলাতক।
নিহতের শ্বশুরবাড়ির লোকজনের বরাত দিয়ে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহালম বলেন, স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে ভাড়া বাসায় থাকতেন সেলিনা। গত শুক্রবার রাতে বাসার ম্যানেজার তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে মেহেদীকে ফোন করেন। কিন্তু মোবাইল ফোন বন্ধ পেয়ে তিনি সেলিনার ভাগিনা রাহাতকে খবর দিলে সে এসে তার মামিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পরে রাহাত অ্যাম্বুলেন্সে করে সেলিনার লাশ তার শ্বশুরবাড়িতে নিয়ে আসে।
দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল দেখে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে সেলিনার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশানের ভাটারা থানায়। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ভাটারা থানা আইনি ব্যবস্থা নেবে।