মালির মৌরিতানিয়া সীমান্তের কাছে ফরাসি বাহিনীর অভিযানে অন্তত ৩৩ জন জঙ্গি নিহত হয়েছেন। শনিবারের অভিযানে হেলিকপ্টার, ড্রোন ও স্থল হামলা চালানো হয়। নিহতদের সবাই আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি দলের সদস্য বলে জানিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। খবর রয়টার্সের
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আইভরি কোস্টের আবিদজানে প্রবাসী ফরাসিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই অভিযানের কথা জানান। তিনি বলেন, ‘আজ সকালে আমরা ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়েছি, একজনকে বন্দি করেছি এবং মালির দুই পুলিশকে মুক্ত করেছ।’
গত নভেম্বরে মালিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস দুইটি ফরাসি হেলিকপ্টারে গুলি ধ্বংস করে। এতে ১৩ জন ফরাসি সেনা নিহত। ওই ঘটনার পর শনিবারের এই অভিযান পরিচালনা করা হলো।
আরও পড়ুন: ভারতে বিক্ষোভ অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ২১
২০১২ সালে আল কায়েদাপন্থী ইসলামী জঙ্গিরা মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মালিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী এই অঞ্চলটি আবার নিজেদের কব্জায় নিয়েছে। তা সত্ত্বেও সেখানে নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে এবং সহিংসতা এই অঞ্চলের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে মালিতে কয়েক হাজার ফরাসি সেনা মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/এসইউ