বঙ্গবন্ধুর আশীর্বাদপ্রাপ্ত সেই মমতাজ কাতরাচ্ছেন টাকার অভাবে

৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বামী হেকমত আলী শেখকে নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং শরণার্থী শিবিরে অসহায়দের নৌকায় পারাপার ও খাবার রান্না করে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সরবরাহ করেছিলেন মোছা. মমতাজ বেগম। সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুর থানা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী এখন মৃত্যু পথযাত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশীর্বাদ পাওয়ায় এই নারী অর্থাভাবে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে।

মমতাজ বেগম এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত। তবে এখন কেউ খোঁজ নেয়নি। চিকিৎসা ব্যয় কিভাবে মিটবে এ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। 

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে স্ট্রোক হলে তাকে জরুরি ভাবে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথার রক্তনালী ছিঁড়ে যাওয়ায় বর্তমানে তার শরীরের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছে, ৭২ ঘণ্টা মমতাজ বেগমকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। এজন্য লাগবে প্রায় আড়াই থেকে ৩ লাখ টাকা।

আরও পড়ুন: আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার : ওবায়দুল কাদের

এ ব্যাপারে মমতাজ বেগমের ছেলে দিনমজুর সাইদুল ইসলাম ও থানা যুবলীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাফিজ জানান, আমার মা ও বাবা আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী। তারা সম্পদ বিক্রি করে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা ও আওয়ামী লীগের কাজে ব্যয় করেছেন। যে কোনো আন্দোলন সংগ্রামে মূল ভূমিকা পালন করলেও টাকার অভাবে যথাযথ চিকিৎসা পাচ্ছেনা। কেউ খোঁজও নিচ্ছেনা। এলাকার এমপি মমিন মণ্ডলের কাছে আমার মা চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন করলেও কোনো সহায়তা পায়নি। কেউ হাসপাতালে দেখতে যাওয়া তো দুরের কথা, খোঁজ খবরও নেয়নি। 

ইত্তেফাক/এসি