লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম—নামই যার এখন পরিচয়ের বিশালতা বহন করে। তিনি যেমন দেশীয় চলচ্চিত্রের নির্ভরযোগ্য একজন নায়িকা, তেমনি কলকাতার ছবিতেও অভিনয় করছেন নিয়মিত। তাকে নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী

নতুন চলচ্চিত্রে...

ব্যক্তিত্বের সৌন্দর্য ছড়িয়ে সবকিছুই অনায়াসে জয় করতে পারেন মিম। চলচ্চিত্রে তার উপস্থিতি যেন রূপ মাধুর্যের হাটে এক টুকরো হীরার উপস্থিতি। যে উপস্থিতি দর্শকের মনে দোলা দেয়, ভালোবাসা জাগায় ক্ষণে ক্ষণে। এমন সাফল্য তার জীবনকে করে তুলেছে আরও রঙিন, আরও স্বপ্নময়। চলতি বছরের শেষটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা মিমের যেন এক অন্যরকম ভালোলাগার মধ্য দিয়েই শেষ হচ্ছে। কারণ বছরের শেষপ্রান্তে এসেও মিম নতুন আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের ব্যাংককে একটি নতুন সিনেমার শুটিং করছেন। তিনি জানান, গত সপ্তাহে ব্যাংককে গিয়ে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। সিনেমার নাম ‘থাই কারি’। এটি নির্মাণ করছেন কলকাতার অঙ্কিত আদিত্য। মিম বলেন, ‘এটি একটি কলকাতার সিনেমা। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করছি। দারুণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। সিনেমার গল্পে বাংলাদেশের প্রেক্ষাপটও তুলে ধরা হচ্ছে। কারণ এটি কলকাতার সিনেমা হলেও মুক্তি পাবে দুই বাংলায়। এই সিনেমার শুটিংয়ের জন্য চলতি মাসের বাকিটা সময় এখানেই থাকব। সবচেয়ে ভালোলাগার বিষয় হলো এই যে, গোলাম সোহরাব দোদুল ভাইয়ের ‘সাপলুডু’ সিনেমার কাজ যেদিন শেষ করলাম, সেদিনই এই সিনেমার কাজ করার প্রস্তাব এসেছে। সব মিলিয়ে গল্প ভালো লাগায় কাজটি করছি। আমি খুব আশাবাদী এই সিনেমা নিয়ে।’ এই সিনেমায় মিমের বিপরীতে আছেন সোহম। এর আগে মিম ও সোহম একসঙ্গে ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেছিলেন। মিমের বিপরীতে ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করছেন আরিফিন শুভ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘সুলতান’। উল্লেখ্য, খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর থেকে অভিনয়ের প্রতি আরও দায়িত্বশীল হয়ে পড়েন জনপ্রিয় এই নায়িকা। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় অভিনয়ে বেশ ব্যস্ত থাকলেও চলচ্চিত্রে তার বেশি চাহিদা থাকায় তিনি টানা বেশ কয়েকবছর চলচ্চিত্রেই অভিনয় করছেন। ২০০৭ সালে লাক্সতারকা হওয়ার পর মিম হুমায়ূন আহমেদের নির্দেশনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ‘আমার আছে জল’-এ। তবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে। এরপর মিম একে একে অভিনয় করেন ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘সুইটহার্ট’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘ইয়াতি অভিযান’, ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রে।