সংগীতজীবনের ৩০ বছর উদযাপন আয়োজনে সায়েরা রেজা

 বিনোদন রিপোর্ট

 

কণ্ঠশিল্পী সায়েরা রেজার সংগীত ক্যারিয়ারে ৩০ বছরপূর্তি উপলক্ষে এক আনন্দ সন্ধ্যা অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে এক সান্ধ্য সাংস্কৃতিক আয়োজনে গানের উত্সব ছাড়াও গুণীজনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সুফি ফোকগানেই মূলত কণ্ঠশিল্পী সায়েরা রেজার জনপ্রিয়তা। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সারাবছরই গান নিয়ে দেশ-বিদেশে একাধিক কনসার্টে অংশ নেন। বর্তমানে বাংলাদেশে বেশকিছু কনসার্টে অংশ নিতেই দেশে রয়েছেন তিনি। কণ্ঠশিল্পী সায়েরা রেজা বলেন, ‘আমার কাছে গানটাই আমার পুরো দেশ। গানের ভেতরেই বাঁচি। দেখতে দেখতে এই যে এতগুলো বছর কাটালাম গান আর আমার শ্রোতার ভালোবাসার কারণেই।’

উল্লেখ্য, সায়েরা রেজার কণ্ঠে ‘আসাম যাবো’ গানটি এরই ভেতরে ইউটিউব ভিউতে জনপ্রিয়তার মাইলফলক ছুঁয়েছে। সায়েরা রেজার সংগীতজীবনের ৩০ বছর উদযাপন অনুষ্ঠানে তারকাদম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম, সংগীত পরিচালক জেকে, আরেফিন রুমীসহ একাধিক শিল্পী অংশ নেন।