বাঁশখালীতে অস্ত্র ও চোরাই কাঠসহ আটক চার

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পাহাড় সংলগ্ন এলাকা থেকে রবিবার সকালে এক ডাকাতসহ চার বনদুস্যকে আটক করেছে র?্যাব-৭। এ সময় দক্ষিণ চাম্বল শেখেরখীল রাস্তার মাথা সংলগ্ন খালি মাঠ থেকে বনদস্যুদের কর্তনকৃত শতাধিক গর্জন গাছ জব্দ করে। আটককৃতদের মধ্যে একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দীন প্রকাশ পুইত্তাও (৩২) রয়েছে। তাছাড়া অভিযানে ফিরোজুল ইসলাম (৩৮), মো. আলী (৩৭) ও ছাবের আহমদ (৪০) নামে অপর তিন জনকে আটক করে র্যাব।

স্থানীয় ও র্যাব সূত্রে জানা যায়, বন্যপ্রাণী ও বনাঞ্চল সংরক্ষণ বিভাগের জলদী অভয়ারণ্য চাম্বল, নাপোড়া ও পুঁইছুড়ির পাহাড়ি এলাকায় গর্জন গাছ কর্তন ও পাহাড়ি মাটি কাটার বনদুস্যদের একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবত্ বেপরোয়া তাণ্ডব চালাচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে চাম্বল পাহাড়ি এলাকায় র?্যাব-৭ এর একটি অভিযানকারী দল অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, সরকারি বনসম্পদ রক্ষার্থে ঘটনাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

র্যাব-৭ এর কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ বলেন, বাঁশখালীর চাম্বলে পৃথক অভিযানে অস্ত্র ও চোরাই কাঠসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে জসিম উদ্দীনকে (৩২) একটি ওয়ান শ্যুটার গান ও ছুরিসহ আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।