বিরামপুরে চালের বাজার ঊর্ধ্বমুখী দিন দিন কমছে ধানের দর

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

শস্যভাণ্ডার খ্যাত দিনাজপুরের বিরামপুরে নতুন ধানের দাম দিন দিন কমলেও ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহ ব্যবধানে মন প্রতি ধানে কমেছে ৩০-৪০ টাকা। ধান আড়তদার পলাশ বলেন, এক সপ্তাহ আগে বিরামপুর বাজারে স্বর্ণা ৬৪০ টাকা ও স্বর্ণা-ফাইভ ৬৮০ টাকা দরে প্রতিমন ধান বিক্রি হয়েছে। রবিবার সেই ধানের দাম কমে মন প্রতি স্বর্ণা ৫৮০-৬০০ টাকা, স্বর্ণা-ফাইভ ৬৩০-৬৪০ টাকা মন দরে বিক্রি হয়েছে। একইভাবে আগের চেয়ে ২০-২৫ টাকা কমে গিয়ে জিরা কাটারি ধান ১ হাজার ৬৮০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিরামপুর ধান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সোহেল বলেন, বিরামপুরে ধানের বাজারে নানা রকমের ধান উঠতে শুরু করেছে। চালের বাজারদর ঊর্ধ্বমুখী হলেও বাইরের ক্রেতারা বিরামপুর থেকে ক্রয় করছে না। স্থানীয় কিছু ব্যবসায়ী অল্প সংখ্যক ধান ক্রয় করলেও অধিকাংশ ধান কৃষকের হাতেই থেকে যাচ্ছে। ধান বিক্রি করতে আসা মাহমুদপুরের কৃষক হারুণ ও ইসলামপাড়ার দলিলউদ্দিন বলেন, প্রতিদিনই ধানের দর মন প্রতি ১০/১৫ টাকা হারে কমে যাচ্ছে। এভাবে কমতে থাকলে ধানচাষিরা লোকসানের মুখে পড়বে এবং ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।