আগৈলঝাড়ায় পরিবার পেল আশ্রিত তিন শিশু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আদালতের নির্দেশে আগৈলঝাড়া বেবী হোমে আশ্রিত অনাথ তিন শিশু পেল পরিবার। রবিবার সকালে বেবী হোমে আশ্রিত শিশুদের আদালতের নির্দেশে প্রবেশন অফিসারের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের উপতত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, বরিশাল শিশু আদালতের রায়ে সাত বছরের শিশু সাইফুল ইসলামকে নিঃসন্তান দম্পত্তি বাবুল মৃধার পরিবারে হস্তান্তর করা হয়েছে। একই দিন আশ্রিত অন্য দুই শিশু কাওসার সরদার (৬) ও তার ছোটো ভাইকে  তাদের মা নুরুন্নাহার খানমের কাছে হস্তান্তর করা হয়।  তিন শিশু হস্তান্তরের সময় বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বেবী হোমের উপতত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, অফিস সহকারী নুরুজ্জামানসহ বেবী হোমের মাদাররা উপস্থিত ছিলেন।