তামিমকে টপকে বিপিএল সেরা মুশফিক

স্পোর্টস রিপোর্টার

রান উত্সবের মধ্য দিয়ে এগিয়েছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। চার-ছক্কার ধন্ধুমার আয়োজনে ব্যাটসম্যানরা বিনোদন জুগিয়েছেন চট্টলার দর্শকদের। এবার চট্টগ্রাম পর্বও শেষের দুয়ারে চলে এসেছে। আগামীকালই শেষ হবে বিপিএলের চট্টগ্রাম সফর। একদিন বিরতি দিয়ে আজ মাঠে ফিরবে বিপিএল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স খেলবে ঢাকা প্লাটুনের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

রান মিছিলের চট্টগ্রাম পর্বে রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। ৭৫ ম্যাচে ১ হাজার ৯৩৬ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ১২টি হাফ সেঞ্চুরি করলেও নেই সেঞ্চুরি। তামিম ইকবালকে টপকে শীর্ষে আসেন মুশফিক। তবে মাত্র এক রানে পিছিয়ে আছেন তামিম। মুশফিকের চেয়ে ১৪ ম্যাচ কম খেলে তামিম ১ হাজার ৯৩৫ রান করেছেন। একটি সেঞ্চুরির সঙ্গে ১৭টি হাফ সেঞ্চুরি করেছেন বাঁ-হাতি এই ওপেনার।

আজ কুমিল্লার বিরুদ্ধে ম্যাচে ঢাকার হয়ে খেলতে পারেন তামিম। জ্বর, হালকা ইনজুরির কারণে চট্টগ্রাম পর্বে একটি ম্যাচও খেলেননি তামিম। দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ মাঠে নেমে ২ রান করলেই মুশফিককে টপকে যাবেন তিনি। বিপিএলের সেরা ব্যাটসম্যানের রেকর্ডটা নিজের করে ফেলবেন। সন্ধ্যার পর তামিমকে আবারও পেছনে ফেলার সুযোগ থাকছে মুশফিকের সামনে। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলবে মুশফিকের খুলনা। ব্যবধান কম হওয়ায় বিপিএলের ব্যাটসম্যানদের শ্রেষ্ঠত্বের এই লড়াইটা চলতি আসরে অব্যাহত থাকবে তামিম-মুশফিকের মধ্যে।

৭৮ ম্যাচে ১ হাজার ৬৯৫ রান তুলে তৃতীয় স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৫ ম্যাচে ১ হাজার ৫৬৭ রান করে চতুর্থ স্থানে ইমরুল কায়েস। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান আছেন পঞ্চম স্থানে। তিনি ১ হাজার ৪৮৩ রান করেছেন ৭৬ ম্যাচ খেলে।

চলমান আসরে না খেলেও বিপিএলে বোলারদের মধ্যে শীর্ষে আছেন সাকিব। ১০৬ উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি এই বাঁ-হাতি স্পিনার। ৬২ ম্যাচে ৭৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রুবেল হোসেন। সেরা পাঁচে আছেন মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও কেভন কুপার। ৭৮ ম্যাচে মাশরাফি ৭৬ উইকেট, ৬৬ ম্যাচে শফিউল ৭৪ উইকেট ও কেভন কুপার ৩৮ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন।

সেরা ব্যাটসম্যান

নাম                                 ম্যাচ             রান

মুশফিকুর রহিম                  ৭৫              ১৯৩৬

তামিম ইকবাল                   ৬১               ১৯৩৫

মাহমুদউল্লাহ                      ৭৮              ১৬৯৫

ইমরুল কায়েস                   ৭৫              ১৫৬৭

সাকিব আল হাসান              ৭৬              ১৪৮৩

(পরিসংখ্যান: গতকাল পর্যন্ত)