সবার আগে বসুন্ধরা ও চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার

গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলে বি গ্রুপে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাদার্স ইউনিয়ন তাদের প্রথম খেলায় বসুন্ধরার কাছে ১-০ গোলে হেরেছিল। দুই ম্যাচ হেরে ব্রাদার্সের বিদায় হয়ে যাওয়ায় বসুন্ধরাও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠে গেল।

চট্টগ্রাম আবাহনী প্রথম ম্যাচ খেলেই কোয়ার্টার ফাইনালে উঠল। তাদের শেষ ম্যাচ বসুন্ধরা কিংসের সঙ্গে। গতকাল চট্টগ্রাম আবাহনীর গোল দুুটি করেন ব্রাজিলের নিক্সন রোচা এবং নাইজেরিয়ান চিনেডু ম্যাথিউস গোল করেন। খেলার শেষ বাঁশি বাজলে মাঠে হালকা উত্তেজনা দেখা যায়। ব্রাদার্সের একাধিক ফুটবলার ক্ষিপ্ত হন রেফারি ভুবন মোহন তরফদারের ওপর। নিরপেক্ষ বাঁশি বাজাননি বলে অভিযোগ। ব্রাদার্সের কোচ মহিদুর রহমান মিরাজ বললেন,‘ফেডারেশন কাপে আমাদের কোনো টার্গেট ছিল না। আমরা লিগ নিয়ে ভাবছি।’ চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক বলেন,‘আমাদের টার্গেট ছিল কোয়ার্টার ফাইনাল, উঠেছি। এখান টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।’