g রে জা উ ল ক রি ম খো ক ন
বছরের শেষ প্রান্তে এসে রুপালি পর্দায় একই সিনেমায় পরস্পরের মুখোমুখি হচ্ছেন বলিউডের দুই শীর্ষ জনপ্রিয় নায়িকা। তারা হলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে তারা অভিনয় করেছেন ‘জিরো’ সিনেমায়। ফলে মুক্তিপ্রতীক্ষিত নতুন এই সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবারই প্রথম বলিউডের এই দুই সুন্দরী কোনো সিনেমায় পরস্পরের মুখোমুখি হচ্ছেন না। এর আগে ২০১২ সালে ইয়াশ চোপড়া পরিচালিত শেষ সিনেমা ‘যব তক হ্যায় জান’-এ ক্যাটরিনা ও আনুশকা মুখোমুখি হয়েছিলেন। সেখানে তারা নায়ক শাহরুখ খানের দুই প্রেমিকার চরিত্রে রূপদান করেছিলেন। দুজনই সিনেমাটিতে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন। দীর্ঘ ছয় বছর পর ক্যাটরিনা ও আনুশকার মুখোমুখি হওয়াটা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে বলিউডে। ‘জিরো’ সিনেমার গল্প একজন খর্বাকৃতির মানুষের সঙ্গে দুই দীর্ঘাঙ্গী সুন্দরী নারীর ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ক্যাটরিনা কাইফকে কিছুদিন আগে দর্শক দেখেছেন আরেকটি বহুল আলোচিত বড় বাজেটে নির্মিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’-এ। যেখানে ক্যাটরিনা সেজেছিলেন মনোরঞ্জনকারী এক তরুণী সুরাইয়া। আমির খান, অমিতাভ বচ্চনের মতো মেগাস্টারদের সঙ্গে ক্যাটরিনার উপস্থিতি ‘থাগস অব হিন্দুস্থান’, সিনেমার জৌলুস বাড়িয়ে তুললেও শেষ পর্যন্ত বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। এ সিনেমার ব্যবসায়িক ব্যর্থতা ক্যাটারিনাকে অনেকটাই হতাশ করেছে। কারণ সিনেমাটি বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের চমক দেখাবে, তেমন প্রত্যাশা ছিল তার। গত কয়েক বছর ধরে ক্যাটরিনার ক্যারিয়ারে চরম মন্দাভাব বিরাজ করছে। অভিনীত সিনেমাগুলোর ক্রমাগত ব্যর্থতা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে তাকে। সুন্দরী ও আবেদনময়ী নায়িকা হিসেবে বলিউডে ক্যাটরিনার চাহিদা রয়েছে এখনো। শাহরুখ খানের ২০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘জিরো’-তে অন্যতম নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ লাভ এটাই প্রমাণ করে। এ সিনেমায় ক্যাটরিনা গ্ল্যামারাস ইমেজেই পর্দায় হাজির হবেন। ‘জিরো’ সিনেমার আরেক নায়িকা আনুশকা শর্মার জন্যও এ সিনেমাটি বেশ গুরুত্বপূর্ণ। এ বছর তাকে আরও তিনটি হিন্দি সিনেমায় দেখা গেছে। সিনেমাগুলো হলো ‘পরী’, ‘সানজু’ ও ‘সুইধাগা’। তিনটি সিনেমায় তাকে তিন ধরনের চরিত্রে দেখা গেছে। গত বছর ক্রিকেটার প্রেমিক বিরাট কোহলিকে বিয়ের পর আনুশকা শর্মা পরপর তিনটি সিনেমায় চমক লাগানো অভিনয় দিয়ে হাজির হবেন—তখন কেউ ভাবতে পারেননি। আনুশকা নিঃসন্দেহে একজন পরিশ্রমী অভিনেত্রী—এটা তিনি এরমধ্যে প্রমাণ করেছেন। ‘জিরো’-তে তাকে দেখা যাবে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত চলত্শক্তিহীন এক মেধাবী তরুণী আফিয়া ভিন্দারের চরিত্রে। পুরো সিনেমায় তাকে বিশেষ ধরনের হুইল চেয়ারে বসে অভিনয় করতে হয়েছে। অভিনীত চরিত্রটি তার ক্যারিয়ারে আরও একটি দারুণ চ্যালেঞ্জ ছিল সন্দেহ নেই। আনুশকা ‘জিরো’ সিনেমায় চ্যালেঞ্জিং মনোভাব নিয়েই অভিনয় করেছেন। এর আগে যেমন করেছেন ‘জব তক হ্যায় জান’, ‘পিকে’, ‘এনএইচ টেন’, ‘সুলতান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ প্রভৃতি সিনেমায়। ‘জিরো’ সিনেমায় আরেক জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রতিযোগিতা করতে হয়েছে। ক্যাটরিনাও অনেকদিন পর একই সিনেমায় আনুশকা শর্মাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়ে ভিতরে ভিতরে বেশ উত্তেজনা অনুভব করছেন। বলিউডের দুই সুন্দরী জনপ্রিয় নায়িকার পারস্পরিক প্রতিযোগিতা শেষ পর্যন্ত তাদের জন্য কী ফল বয়ে আনছে—তা দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি দর্শক।