ভারতে নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল রবিবার দিল্লি, ব্যাঙ্গালুরুসহ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। এদিকে বিক্ষোভ চলাকালে সহিংসতায় গত ১০ দিনে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশের বিভিন্ন শহরেই নিহত হয়েছেন ১৮ বিক্ষোভকারী। এছাড়া কর্নাটকের ম্যাঙ্গালুরুতে দুই এবং আসামে নিহত হন পাঁচ বিক্ষোভকারী। খবর:ইন্ডিয়া টুডে ও এনডিটিভির।
এদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধড়পাকড় অভিযান অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) ওপি সিং জানিয়েছেন, গত কয়েক দিনে চলা বিক্ষোভে মোট ৮৭৯ জনকে আটক করা হয়েছে। ১৩৫টি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। উত্তর প্রদেশের পুলিশ দাবি গুলি না চালানোর দাবি করেছে। তবে ভিডিও’তে দেখা গেছে- পুলিশ কানপুরে গুলি চালিয়েছে। গতকাল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল উত্তর প্রদেশে নিহত বিক্ষোভকারীদের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিমানবন্দরেই প্রতিনিধি দলটিকে আটকে দেওয়া হয়।
অন্যদিকে গতকাল দিল্লিতে এক সমাবেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি নাগরিকত্ব আইনের পক্ষে অবস্থান নিয়ে বলেন, সকলের উচিত সংসদ এবং এমপিদের সম্মান করা। চলমান বিক্ষোভের জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে তিনি বলেন, তারা মিথ্যা এবং ভুল তথ্য রটিয়ে বেড়াচ্ছে। ভারতের মুসলিমদের তিনি আবারো আশ্বস্ত করে বলেন, এই আইন নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। তার সরকার কখনই কোনো নীতি বাস্তবায়নের সময় কারোর কাছ থেকেই তার ধর্মীয় পরিচয় জানতে চায় না।