রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে পাথরবোঝাই ট্রলারডুবিতে নিখোঁজের তিন দিন পর গতকাল রবিবার দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি এলাকায় পদ্মায় ট্রলারডুবিতে চার জন নিখোঁজ হয়।
নিখোঁজদের মধ্যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০) ও আবুল শেখের ছেলে আব্দুল শেখকে (৩৫) লাশ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এছাড়া একই এলাকার আলতাফ প্রামাণিকের ছেলে ফারুক প্রামাণিক (৪০) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩) এখনো নিখোঁজ রয়েছেন।
জানা যায়, পাবনা থেকে পাথরবোঝায় বিশাল ওই ট্রলার রাজবাড়ীর সদর উপজেলার গোড়ার বাজার ঘাট এলাকায় আসছিল। ট্রলারটি কাওয়ালজানি এলাকায় আসার পর প্রবল সে াত ও অতিরিক্ত পণ্য বোঝায় থাকার কারণে মাঝখান থেকে দুই ভাগ হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চার জন উঠতে পারেনি।
গোয়ালন্দ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করে। অপর দুই জনের সন্ধানে উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।