আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাল :কাদের

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘাষণা করা হবে। গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠক হবে। বৈঠকে একটা খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আশা করছি সেদিনই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া নতুন বছরে মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে।’

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসবে কি না, সে সম্পর্কে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখেন একজন সাংবাদিক। জবাবে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিন ওয়ার্ক। নতুন বছরে এটা হতে পারে। ওবায়দুল কাদের বলেন, ‘দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবগঠিত কমিটির কয়েকটি পদ যেমন সাংগঠনিক সম্পাদক, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য, কোষাধ্যক্ষ এবং তথ্য ও গবেষণা সম্পাদকের পদ খালি আছে। ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণাও বাকি। তাই আশা করছি নবীন-প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা একেবারে শেষ হয়ে গেছে, তা বলা যাবে না। বাংলাদেশে এই মুহূর্তে সন্ত্রাসী হামলা হয়নি বলে আমরা বসে থাকব না। জঙ্গি-সন্ত্রাসীরা এখনো সক্রিয় আছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘সামনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার জন্য বড়ো চ্যালেঞ্জ। পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের অনেক কাজ এগিয়ে গেছে। খুব শিগিগর এগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল,  রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এরা কেউ নেতৃত্বে আসবেন এমন কোনো ইঙ্গিত পাইনি।’ দল সম্পর্কে তিনি বলেন, ‘সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শত্রুরাও এ কথা বলবে। তবে আমরা স্বস্তিতে ছিলাম না। সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত আমরা অস্বস্তিতে ছিলাম। বিরোধীদের অনেকেই সম্মেলনে উপস্থিত থাকলেও বিএনপির পক্ষ থেকে কেউ ছিলেন না। তারা যে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে, এটি গণতান্ত্রিক চর্চা। তারা সমালোচনা করেছে, এটিও ভালো।’

ওবায়দুল কাদের বলেন, কিছু নতুন মুখ এসেছে। দলকে শক্তিশালী ও গতিশীল করা এই কমিটির লক্ষ্য। ওবায়দুল কাদের আরো বলেন, ‘আজ আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগকে সামনে এগোতে হয়েছে। সরকার গঠন করতে জাতীয় পার্টির সঙ্গে জোট করতে হয়েছে। তবে আওয়ামী লীগ তার আদর্শ থেকে এক চুল পরিমাণও সরে যায়নি। চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে।’