শহীদ পরিবারের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া বাড়ি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে আত্মসাতের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় দুই আসামি হলেন, রাজধানীর বংশালের শেখ মো. জাবেদ উদ্দিন ও মিরাজ মো. জাকির উদ্দিন। গতকাল রবিবার দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, রাজধানী ঢাকার নবাবপুর রোডের ২২১ নবাবপুর ভবনটি সরকারি অর্পিত সম্পত্তি। শহীদ পরিবারের সদস্য হিসেবে জমিটি এ কে এম শামসুল হক খানের মা মাসুদা খানমকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। ওই সম্পত্তি বর্তমানে শহীদ পরিবারের সর্বশেষ সদস্য আজহারুল হক খানের নামে আছে। ওই সম্পত্তি ভোগ দখলে থাকা অবস্থায় শেখ মো. জাবেদ উদ্দিন ও তাঁর সহযোগীরা জালিয়াতির মাধ্যমে জয়দেবপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিল তৈরি করেন। ওই ভুয়া দলিলের গ্রহীতা ননী গোপাল বসাকের মৃত্যুর পর তাঁর ছেলে তপন কুমার বসাক সম্পত্তির মালিক হন মর্মে দাবি করা হয়। এরপর আসামিরা পরস্পরের যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল দলিলগুলো ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে শহীদ পরিবারকে বরাদ্দ দেওয়া জমি দখল করে নেন। এবং ওই জমির ওপর থাকা ৩ তলা ভবন ভেঙে নতুন বহুতল ভবনের বেসমেন্ট তৈরির মাধ্যমে আত্মসাত্ করেন।
এজাহারে আরো বলা হয়, আসামি শেখ মো. জাবেদ উদ্দিন একটি সংঘবদ্ধ প্রতারক ও সরকারি ভূমি দখলকারী চক্রের মূল হোতা। তিনি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল দলিল বানিয়ে মিরাজ মোহাম্মদ জাকির উদ্দিনের সহযোগিতায় জমিটি আত্মসাত্ করেন।