আড়াইহাজারে বিআরটিসি কাউন্টারে যাত্রীকে মারধর

আড়াইহাজার উপজেলা সদরের চৌরাস্তায় বিআরটিসি বাস কাউন্টারে রবিবার সকাল ১০টার দিকে  ইয়ার খান নামে এক প্রবাসী যাত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দিয়েছে। আহত ইয়ার খান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন দড়িকান্দি এলাকার ফোরকান গাজীর ছেলে।  প্রবাসীকে মারধরের দায়ে অভিযুক্ত আড়াইহাজার বিআরটিসি কাউন্টারের সুপারভাইজার শামীমকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপারভাইজার শামীমকে আটক করেছে।

আহত ইয়ার খান জানান, তিনি তার বোন ও ভাগ্নিকে নিয়ে বিশ্বনন্দী ফেরিঘাট কাউন্টার থেকে বিআরটিসি বাসে ওঠেন। বাসটি আড়াইহাজার পৌঁছানোর আগে বেশ কিছু স্থানে যাত্রী ওঠানামা করে। এতে তিনিসহ যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং আড়াইহাজার কাউন্টারে গিয়ে এই অব্যবস্থাপনার প্রতিবাদ করেন। তখন সুপারভাইজার শামীম তার বোন-ভাগ্নির সামনেই তাকে চরম অপমান করে ও মারধর করে মাথা ফাটিয়ে দেয়। বিশ্বনন্দী ফেরিঘাট কাউন্টারের ইজারাদার মাহাবুবুর রহমান জানান, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করায় অভিযুক্ত সুপারভাইজারকে বরখাস্ত করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন।

কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ২

আড়াইহাজারের গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ মানুষের কঙ্কালসহ দুই ব্যক্তিকে আটক করেছে। রবিবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, আমাদের কাছে গোপনে খবর আসে ফেরিঘাট দিয়ে অনেকগুলো কঙ্কাল পাচার হতে পারে। এই খবরের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম ফেরিঘাট ঘেরাও করে ফেলে। একপর্যায়ে একটি বাস তল্লাশি করে দুটি ব্যাগে রাখা কয়েকটি কঙ্কালসহ দুই জনকে আটক করা হয়। এদিকে আসামি নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময়  দ্রুতগামী একটি মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দিলে কনস্টেবল বাশার গুরুতর আহত হন। আহত বাশারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতরা হলো, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের আহেদ আলীর ছেলে আলতাফ (৩৫) ও একই এলাকার লতিফের ছেলে সহিদ (২৫)। দুই জন জানান, তারা ১ হাজার টাকার বিনিময়ে ফেরিঘাট থেকে ঢাকার গুলিস্তানে কঙ্কালগুলো পৌঁছে দেওয়ার চুক্তি করেছিল। কঙ্কালগুলো এর আগে কয়েকবার হাত বদল হয়েছে বলেও তারা জানান। এস আই নাসির জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।