টঙ্গী সরকারি হাসপাতালের এক নারী চিকিত্সককে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে কথিত দুই সাংবাদিক মহিন উদ্দিন রিপন (৪৫) ও আব্দুল আলীমের (৩০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিত্সক ডা. সৈয়দা তানজিনা আফরিন বাদী হয়ে গত শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় এই মামলা (নং-৫৬/৯২৩) দায়ের করেন।
মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা যায়, ডা. সৈয়দা তানজিনা আফরিন গত এক বছর যাবত্ টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিত্সক হিসেবে কর্মরত আছেন। এলাকার অত্যন্ত খারাপ ও নিকৃষ্ট প্রকৃতির লোক কথিত সাংবাদিক মহিন উদ্দিন রিপন হাসপাতালে ডিউটিরত অবস্থায় প্রায় সময়ই অপ্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে ডা. আফরিনের সঙ্গে খোশগল্পের ছলে সরকারি কাজে ব্যাঘাত ঘটাত। গত ২০ ডিসেম্বর সকালে হাসপাতালে ডিউটিরত অবস্থায় কক্ষের দরজা বন্ধ করে বসে থাকলে মহিন উদ্দিন রিপন অপর কথিত সাংবাদিক আব্দুল আলীমকে সঙ্গে নিয়ে এসে ডা. আফরিনের হাত ধরে টান দেয়। সে সময় মহিন উদ্দিন রিপন নিজেকে মাইটিভি ও আব্দুল আলিম নিজেকে এসটিভির সাংবাদিক পরিচয় দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে ডা. আফরিন তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে চিত্কার শুরু করেন। এ সময় হাসপাতালের কর্মীরা ছুটে এলে রিপন ও আলীম পালিয়ে যায়।