বঙ্গবন্ধুর জন্যই এ দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অন্যতম প্রধান লক্ষ্য থাকতে হবে জাতির পিতার অবদানগুলো সবার কাছে তুলে ধরা। গতকাল রবিবার ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এই দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর ছিল অকৃত্রিম ভালোবাসা। তিনি সুযোগ পেলেই বারবার সে ভালোবাসার প্রমাণ দিয়েছেন। তিনি এ দেশের স্বাধীনতার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। এ দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন তা ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জাতিসংঘে বাংলায় বক্তৃতা করেছেন। বাংলা ভাষা ও মাতৃভাষার মর্যাদা তিনি বিশ্বের কাছে তুলে ধরেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত সচিব ও প্রাক্তন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং যুগ্ম সচিব জাহেদা পারভীন সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।