বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যৌথসভা আয়োজনের সুপারিশ করা হয়েছে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। এ ব্যাপারে সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয় বৈঠকে।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়া সফরের ব্যাপারে কমিটিকে সহযোগিতার পাশাপাশি দ্রুততম সময়ে ইন্দোনেশিয়া সফরের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি টেকনিক্যাল কারণে যেসব বৈদেশিক মিশনে হাতে লেখা ভিসা ইস্যু করা হচ্ছে জেনে উদ্বেগ প্রকাশ করে তা দ্রুত সমাধানের সুপারিশ করে।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেদারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রমের অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্র্রতিক সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়।