রাঙ্গামাটির অন্যতম বিদ্যাপীঠ রাঙ্গামাটি সরকারি কলেজ এখন শিক্ষক সংকট, হোস্টেল সমস্যা ও পরিবহনসহ নানা সমস্যায় জর্জরিত। রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকার ছাত্রছাত্রীরা শিক্ষা লাভের আশায় রাঙ্গামাটি সরকারি কলেজে ভর্তি হলেও বিদ্যমান এসব সমস্যার কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানা গেছে, মনোরম পরিবেশে ২৪ একর জমির ওপর ১৯৬৫ সালে স্থাপিত হয় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাঙ্গামাটি সরকারি কলেজ। ১৯৮৯ সালে রাঙ্গামাটি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে উন্নীত করা হয়।
বর্তমানে কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণি ছাড়াও বাংলা, ইংরেজি, বিজ্ঞান, বাণিজ্য বিভাগসহ ১৩টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। আর বর্তমানে মোট ১২ হাজার শিক্ষার্থী রাঙ্গামাটি সরকারি কলেজে পড়ালেখা করছে। ছাত্রছাত্রীদের দুটি হোস্টেলও পরিত্যক্ত। কলেজে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থীর জন্য কলেজের কোনো নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই, হোস্টেল সমস্যা, শিক্ষক সংকটের কারণে বিঘ্নিত হচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম। এছাড়া, কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য নেই কোনো খাওয়ার ক্যান্টিন। এসব সমস্যার দ্রুত সমাধান চায় শিক্ষার্থীরা।
এ কলেজে প্রায় ৫৯ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪৮ জন। বাংলা বিভাগে তিন জন, রাষ্ট্রবিজ্ঞানে দুই জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এক জন, দর্শনে তিন জন, হিসাব বিজ্ঞান বিভাগে এক জন ও প্রাণিবিজ্ঞান বিভাগে এক জনসহ মোট ১১ জন শিক্ষকের পদ খালি রয়েছে। শিক্ষক সংকটের কারণে কলেজের পাঠদানের সমস্যা হচ্ছে ।
এছাড়া পরিবহন ও ছাত্রছাত্রী হোস্টেলসহ নানান সংকট রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক ভবনটি ঝুঁকিপূর্ণ। কলেজের জন্য পাঁচ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হলেও জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে সেটি এখনো হস্তান্তর করা হয়নি।
এদিকে, কয়েক বছর আগে ৫০-৬০ জন ছাত্রীর জন্য হোস্টেল নির্মাণ করা হলেও সেটি এখনো চালু হয়নি। অন্যদিকে ছাত্রদের যে হোস্টেল রয়েছে তা অনেক পুরোনো এবং থাকার অনুপযোগী। ফলে দূর-দূরান্ত থেকে আসা গরিব শিক্ষার্থীরা আবাসন সংকটের সম্মুখীন হচ্ছে। এতে তাদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। কলেজের শিক্ষার্থীরা শিক্ষক সংকটসহ কলেজের সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।
এ ব্যাপারে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মঈন উদ্দীন শিক্ষক সংকট, পরিবহন ও আবাসনের সংকটের কথা স্বীকার করে বলেন, শিক্ষক সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সারাদেশে ২৫ জন করে শিক্ষকের পদ সৃজন করার জন্য কাজ করছে। আশা করি এ পদ থেকে আমরাও কিছু পদ পাব। এতে করে রাঙ্গামাটি সরকারি কলেজের যে শিক্ষক সংকট আছে তা মিটে যাবে।
আর ৮০ লাখ টাকা ব্যয়ে এরই মধ্যে কলেজের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ভূমি জরিপ করা হয়েছে। কলেজের পাঁচ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়েছে তা অচিরেই শিক্ষা প্রকৌশল থেকে কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবে। এছাড়া কলেজের যে ছাত্রাবাসটি রয়েছে তা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ছাত্রীদের জন্য যে হোস্টেল রয়েছে তাও এতদিন বিভিন্ন জটিলতার কারণে চালু করা যায়নি। তবে অচিরেই দুটি হোস্টেল চালু করা হবে। এছাড়া পাঁচ তলাবিশিষ্ট ছাত্রী হোস্টেলের জন্য ভূমি জরিপ করে কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এই হোস্টেলটি হয়ে গেলে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের আবাসন সংকট দূর হয়ে যাবে। এছাড়া শিক্ষার্থীদের পরিবহন সংকট রয়েছে তা দূর করতে দুটি বাস প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হয়েছে। আশা করি দুটি বাস পাওয়া গেলে শিক্ষার্থীদের পরিবহনের সমস্যা থাকবে না।