ঈশ্বরগঞ্জ পৌরসভার থানা থেকে মাত্র ১০ গজ দূরে খালের ওপর ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ধসে পড়ে যে কোনো মুহূর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। আর এতে বন্ধ হয়ে যেতে পারে উপজেলার সঙ্গে তিনটি ইউনিয়নের সড়ক যোগাযোগ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দত্তপাড়ায় থানা সংলগ্ন খালের ওপর ব্রিজের পাটাতন ভেঙে গর্ত হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন ব্রিজের গর্তে দুটি কলাগাছ পুঁতে বিপদসংকেত হিসেবে লাল শপিংব্যাগ ঝুলিয়ে দিয়েছেন।
১৯৯৬ সালে তত্কালীন সংসদ সদস্য আব্দুস সাত্তার উপজেলা প্রকৌশল বিভাগের মাধ্যমে থানা সংলগ্ন খালের ওপর ব্রিজটি নির্মাণ করেন। এই ব্রিজের ওপর দিয়ে ঈশ্বরগঞ্জের পশ্চিমাঞ্চলের বড়হিত, তারুন্দিয়া ও উচাখিলা ইউনিয়নের হাজার হাজার মানুষ, শত শত যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পুলিশ প্রশাসনের যানবাহন চলাচল করে।
এছাড়াও তারুন্দিয়া ও উচাখিলা ইউনিয়নের চরাঞ্চলের উত্পাদিত মৌসুমী ফসল বাজারজাতকরণে পরিবহন নিয়ে কৃষকদের এ ব্রিজের ওপর দিয়ে ঈশ্বরগঞ্জ বাজারে আসতে হয়। যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই ব্রিজের পাটাতন ভেঙে গর্তে পরিণত হয়েছে। প্রতিদিন গর্তটি ভেঙে পরিধি বাড়ছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, অবিলম্বে ব্রিজটি সংস্কার প্রয়োজন। ব্রিজটি বিধ্বস্ত হয়ে গেলে পুলিশের গাড়ি থানা থেকে বের হতে পারবে না। ফলে পুলিশি প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী তৌহিদ আহম্মেদ জানান, ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।