নাইজেরিয়ায় মুক্তি পেয়েছে ১৮ ভারতীয় বন্দি

নাইজেরিয়ায় জলদস্যুদের হাতে বন্দি ১৮ ভারতীয় মুক্তি পেয়েছে। রবিবার এক টুইটে ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া এ খবর জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের

গত ৩ ডিসেম্বর নাইজেরিয়া উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় জলদস্যুরা। এ সময় জাহাজে থাকা ১৯ জনকে অপহরণ করে তারা। তাদের মধ্যে ১৮ জনই ছিল ভারতীয়। এই খবর পাওয়ার পর নাইজেরিয়া প্রশাসন জাহাজটিকে ট্র্যাক করার চেষ্টা করে। পরে বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়। ইন্ডিয়ান মিশন ইন নাইজেরিয়া জানিয়েছে, অপহূতদের মুক্তির বিষয়টি নিশ্চিত করছে তারা। সেইসঙ্গে তারা এই মুক্তির ব্যাপারে যারা সার্বিক সহায়তা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। বিশ্বে সমুদ্রবর্তী অঞ্চলের খবর সরবরাহকারী সংবাদ সংস্থা এআরএক্স মেরিটাইমও ১৮ ভারতীয়র মুক্তির বিষয়টি জানিয়েছে।