আমরা যারা পত্রিকা বা চিঠির যুগের, তাদের কাছে ‘ইত্তেফাক’ অনেক স্মৃতিবিজড়িত পত্রিকা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের আগে থেকে দেশের জন্য এই পত্রিকার যে ভূমিকা, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমাদের মুক্তিযুদ্ধের আর্কাইভ ‘ইত্তেফাক’। শুধু তাই নয় আমাদের সংস্কৃতি জগতেরও আর্কাইভ ‘ইত্তেফাক’। আমাদের কাছে এই পত্রিকার জনপ্রিয়তার অন্যতম কারণ সিনেমার পাতা। ‘ইত্তেফাক’-এর পাতাজুড়ে সিনেমার বিজ্ঞাপন, সিনেমা নিয়ে কথা, বিনোদন জগতের বিভিন্ন খবর—স্বাভাবিকভাবেই এগুলো আকর্ষণ করত।
ক্যারিয়ারের শুরুর পরেও গণমাধ্যমের দিক থেকে যে সাপোর্ট প্রয়োজন, সেটি ‘ইত্তেফাক’-এর কাছে পেয়েছি। এটি আনন্দের একটি বিষয়, ‘ইত্তেফাক’ নতুনদের নিয়ে সব সময় কাজ করে। আর সবচেয়ে বড়ো বিষয়, পত্রিকাটির মধ্যে আছে গণমাধ্যমের দায়িত্ববোধ। অনেক গণমাধ্যমকেই এখন দেখি হিট বাড়ানোর জন্য সংবাদে অতিরিক্ত চমক রাখে। এটি আসলে দায়িত্ববোধের পরিচয় নয়। ‘ইত্তেফাক’-এর সেই জায়গাটা এখনো অবিচল রয়েছে। অনেক বছর পেরিয়ে এগোচ্ছে প্রাণের এই গণমাধ্যমটি। শুভেচ্ছা পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।
[ চিত্রনায়িকা ]