মিউজিক ক্যারিয়ারের ২০ বছর পারি দিল ব্যান্ড ‘আর্টসেল’। গানের ভিন্ন উপস্থাপনা ও মিউজিক দিয়ে খুব অল্প সময়ে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। ‘দুঃখ বিলাস’, ‘অনিকেত প্রান্তর’, ‘বৃষ্টি ভেজা রাত’, ‘পথচলা’, ‘ধূসর সময়’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ‘আর্টসেল’। ব্যান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষে আজ আয়োজিত হতে যাচ্ছে ‘টোয়েন্টি ইয়ার্স অব আর্টসেলিজেম’ কনসার্ট। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড ও আর্টসেলের ঘোষণা অনুযায়ী, আজ বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে। গেট খোলা থাকবে বিকাল ৩টা থেকে। এই কনসার্টের প্রবেশ মূল্য ৫০০ টাকা। বাংলাদেশে এই প্রথম গিফট প্যাকসহ ৭০০ টাকা মূল্যের মার্চেন্ডাইজ টিকিট ভক্তরা অনলাইনে সংগ্রহ করতে পারবে সহজ ডট কম থেকে। কনসার্টে আর্টসেল ছাড়াও চমক হিসেবে থাকছে বেশ কিছু প্রতিষ্ঠিত ও নতুন প্রজন্মের ব্যান্ড ও মিউজিশিয়ানস। কনসার্টে পারফর্ম করবে ক্রাঞ্চ, মেকানিক্স, নাইভ, পাওয়ারসার্জ, ট্রেনরেক ও উন্মাদ। আর্টসেলের সঙ্গে আরও পারফর্ম করবে সংগীতশিল্পী রাফা, রোমেল আলী, ডিরকস্টার শুভ, আরবোভাইরাস, ব্ল্যাক, বে অব বেঙ্গল, দৃক, রিবোর্ন, শিরোনামহীন, মিনার্ভার ব্যান্ড মেম্বাররা।