ঢাকার ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি হয়েছেন গার্মেন্টস ও টেক্সটাইল খাতের শিল্পোদ্যোক্তা শামস মাহমুদ। গতকাল ডিসিসিআইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। সিনিয়র সহসভাপতি হয়েছেন এন কে এ মবিন এফসিএ এবং সহসভাপতি হয়েছেন মোহাম্মদ বাশিরউদ্দিন। এছাড়া নতুন পরিচালক হয়েছেন আরমান হক, মো. শাহীদ হোসেন, মো. জিয়া উদ্দিন, মনোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা চৌধুরী।
নতুন সভাপতি শামস মাহমুদ বর্তমানে শাশা ডেনিমস, শাশা গার্মেন্টস, শাশা স্পিনিং এবং শাশা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এন কে এ মবিন ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সহসভাপতি ও একজন ফেলো মেম্বার। মোহাম্মদ বাশিরউদ্দিন ক্যাপিটাল অ্যাগ্রো অ্যাকুয়া এন্টারপ্রাইজ লিমিটেড, ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মল, ক্যানারি লিমিটেড এবং ডিজিটাল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি
শামস মাহমুদ
সভাপতি
এন কে এ মবিন
সিনিয়র সহসভাপতি
মোহাম্মদ বাশিরউদ্দিন
সহসভাপতি