৯ কোম্পানির পণ্য বিপণনে নিষেধাজ্ঞা

দেশের পণ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ দেখভালকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় ৯ টি প্রতিষ্ঠানের পণ্য নিম্নমানের হিসেবে প্রমাণ হয়েছে। কোম্পানিগুলোর উত্পাদিত ঐসব পণ্যের সনদ বাতিল করে বিপণনে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসটিআই। শুধু তাই নয়, পণ্যগুলো কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে সংরক্ষণ এবং বাণিজ্যিক বিজ্ঞাপন প্রকাশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিএসটিআই এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে। পণ্যগুলোর মধ্যে বেশির ভাগই খাদ্যপণ্য। এর বাইরে কিছু কসমেটিক্স আইটেমও রয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া ৯ টি পণ্য হলো—মোহাম্মদপুরের এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের সেফ সয়াবিন তেল, ঝালকাঠির জে কে ফুড প্রোডাক্টসের মদিনা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, রাজশাহীর মডার্ন কসমেটিক্স অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজের মডার্ন স্কিন ক্রিম, একই এলাকার জি এম কেমিক্যালে ওয়ার্কসের জি এম ব্র্যান্ডের স্কিন ক্রিম, চট্টগ্রামের আগ্রাবাদের নিউ চট্টলা প্রাইভেট লিমিটেডের এরাবিয়ান স্পেশাল ঘি, রাজধানীর তেজগাঁওয়ের  রেভেন ফুড কোম্পানির রেভেন লাচ্ছা সেমাই, খাজানা মিঠায়ের খাজানা লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর, উত্তরখানের প্রমি এগ্রো ফুডের প্রমি হলুদের গুঁড়া এবং ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যালের ইফাদ আয়োডিনযুক্ত লবণ।

বিএসটিআইর পরিচালক মো. সাজ্জাদুল বারী স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়,  নতুনভাবে লাইসেন্স গ্রহণ ছাড়া আলোচ্য পণ্যের উত্পাদনকারী, সরবরাহকারী ও খুচরা বিক্রেতারা পণ্য বিতরণ করতে পারবে না। ভোক্তাকেও এসব পণ্য না কেনার জন্য আহ্বান জানানো হয়। এর আগেও বেশকিছু পরিচিত ও খ্যাতনামা কোম্পানির পণ্যে ক্ষতিকারক উপাদান থাকা ও নিম্নমানের হওয়ায় সেগুলোর লাইসেন্স স্থগিত এবং ক্ষেত্রবিশেষে বাতিল করা হয়েছিল।