ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা। গতকাল সোমবার ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আগামী মাসে বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশভ গোখলের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে। এরপরই পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়েছে, হর্ষ বর্ধন শ্রিংলার নিয়োগ ‘অ্যাপয়েনমেন্টস কমিটি অব দি ক্যবিনেট (এসিসি)’ অনুমোদন করেছে। এই কমিটির প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সচিব বিজয় গোখলের মেয়াদ আগামী ২৮ জানুয়ারি শেষ হবে। ২৯ জানুয়ারি থেকে হর্ষ বর্ধন শ্রিংলার নিয়োগ কার্যকর হবে। ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৮৪ ব্যাচের কূটনীতিক শ্রিংলা। যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। পশ্চিম বঙ্গের দার্জিলিং এলাকার নাগরিক শ্রিংলা নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও গত সাড়ে তিন দশকের কূটনৈতিক পেশায় প্যারিস, হ্যানয়, তেল আবিব মিশন এবং জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শ্রিংলা তিনজন সিনিয়র কর্মকর্তাকে ডিঙ্গিয়ে পররাষ্ট্র সচিব হচ্ছেন। পররাষ্ট্র সচিব হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অবসরে যেতে শ্রিংলার কয়েক মাস বাকি থাকবে।