টানা পাঁচ দিন পর গাঢ় কুয়াশার চাদর আর মেঘ ফুঁড়ে মুখ দেখাল পৌষের সূর্য। রাজধানীর আকাশ থেকে যেন হারিয়ে গিয়েছিল এই নক্ষত্রটি। গতকাল তেজহীন ম্রিয়মাণ আলোয় যেটুকু উত্তাপ ছড়িয়েছে সূর্য তাতেই হ্রাস পেয়েছে শীতের দাপট। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রার পারদ হঠাত্ চড়ে গেছে। অবশ্য রবিবার রাত থেকেই তাপমাত্রা বাড়ছিল। কেবল ঢাকা নয়, সারাদেশের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়েছে। কেটেছে শৈতপ্রবাহও। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিম জেলাগুলোতে শৈতপ্রবাহ কেটেছে। দেশের অন্যান্য স্থানে বেড়েছে তাপমাত্রা। তবে আগামী ৭২ ঘণ্টায় নামতে পারে বৃষ্টি। বৃষ্টির পর আরেকটি শৈত্যপ্রবাহ আসছে। তবে তাতে শীতের প্রকোপ খুব বেশি বাড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন। আবহাওয়া কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শীতের তীব্রতা আরো কমবে।