গাজীপুরে ব্যবসায়ীকে রগ কেটে ও কুপিয়ে হত্যা, আটক ১

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে হাতের রগ, আঙুল কেটে ও কুপিয়ে এক ব্যবসায়ীকে খুন করেছে প্রতিপক্ষরা। নিহত আরিফ হোসেন (২৫) চান্দনা পূর্বপাড়া এলাকার বাচন আলীর ছেলে। তার গ্রামের বাড়ি ঢাকার  কেরানীগঞ্জে। গত রবিবার মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মৃত শাহজাহান খানের ছেলে ইয়াসিনকে (২৬) আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিফ প্রায় ১৫ বছর ধরে নগরীর চান্দনা পূর্বপাড়া এলাকায় জমি কিনে বসবাস করে বিভিন্ন গার্মেন্টসে স্টক লটের ব্যবসা করতেন। এক সময় স্থানীয় ইয়াসিন ও শামীমদের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। পাওনা টাকা দাবি করে তারা বরিবার রাতে আরিফকে আটকে রেখে ফোনে আরিফের স্ত্রীর কাছে টাকা চায়। পরে আরিফের স্ত্রী ও স্বজনরা বিকাশের মাধ্যমে তাদের ৩০ হাজার টাকা দেয়। এক পর্যায়ে রাত ১টার দিকে তারা ফের ফোন করে আরিফ আহত বস্থায় চান্দনা পূর্বপাড়া এলাকার একটি বাগান বাড়িতে পড়ে আছে বলে জানায়। পরে স্বজনরা আরিফকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

জিএমপি বাসন থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল জানান, নিহতের দুই হাতের রগ ও আঙুল কাটা এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জিএমপি বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত ইয়াসিনকে আটক করা হয়েছে। ব্যবসাসংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।